প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৫ এএম
আগামী ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশ নিতে এখন পর্যন্ত ৭০২টি হজ এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। সর্বশেষ সপ্তম পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য ২২টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর আগে ছয় দফায় ৬৮০টি এজেন্সিকে অনুমতি দেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশিদের জন্য সৌদি আরব ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে। হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় বাড়ানো হবে না।
যোগ্য এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করে হজযাত্রী পাঠাতে হবে। প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। প্রতি ৪৪ যাত্রীর জন্য আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ও অভিজ্ঞ একজন হজ গাইড নিয়োগ বাধ্যতামূলক।
এজেন্সিগুলোকে ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্যাকেজে সৌদি আরবে প্রদেয় সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব ও মূল্য উল্লেখ করতে হবে।
অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যোগ্য তালিকাভুক্ত এজেন্সিগুলোকে গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে ১২ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে লিড এজেন্সি নির্ধারণের আবেদন ও সম্মতিপত্র পাঠাতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
যোগ্য তালিকায় থাকা এজেন্সিগুলোকে জুন ২০২৭ পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে অনুমতি দেওয়া হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত