নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ৫:২২ এএম
দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নিরাপত্তা জোরদার এবং বিমান দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দমকলকর্মীদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এ প্রশিক্ষণে বেবিচকের ১৫ জন দমকলকর্মী অংশ নেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন একাডেমিতে ‘ক্র্যাশ ফায়ার অ্যান্ড রেসকিউ (সিএফআর) ইনিশিয়াল কোর্স-০৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
১০ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় ১ সেপ্টেম্বর। প্রশিক্ষণ চলাকালে দমকলকর্মীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ যান পরিচালনা এবং বিমানবন্দরের বিভিন্ন অগ্নি নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে দমকলকর্মীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার দক্ষতা অর্জন করেছেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা মোকাবিলায় প্রশিক্ষণের সুফল তখনই পুরোপুরি পাওয়া যাবে, যখন দেশের সব বিমানবন্দরে প্রয়োজনীয় অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেবিচকের পরিচালক (ফায়ার) মো. রফিকুল ইসলাম। এ সময় উপ-পরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং উপ-পরিচালক (ডিজাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এজিএ) মো. আবদুল লতিফ উপস্থিত ছিলেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত