নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ১১:০২ এএম
কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরকালে দেশটির রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। এর মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশি কর্মীদের দেশটির অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে শ্রম ও জনশক্তি খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ তৈরি, তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত