ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | ৪:৩৭ এএম
বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারে সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে।
দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে যাত্রী চলাচল, ব্যবসায়িক যোগাযোগ এবং কর্মীদের যাতায়াত আরও সহজ হবে।
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ থেকে ব্যবসায়ী-ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য ও আমের রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
ব্রুনাইয়ের হাইকমিশনার বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় দেশ ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়েও একমত হয়। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত