নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | ১২:২৩ পিএম
সরকারি অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পগুলো বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করতে হবে। যেখানে সম্ভব, সরকারি অর্থায়নের পরিবর্তে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, দেশের উন্নয়নের পরিবর্তিত বাস্তবতায় জনগণ যেন সরাসরি উপকৃত হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, নতুন প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রকল্পের দীর্ঘমেয়াদি কার্যকারিতা, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পগুলো যেন একে অপরের পরিপূরক হয় এবং বাস্তবায়ন এলাকায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত চলমান উন্নয়ন প্রকল্প এবং এখনো অনুমোদন না পাওয়া নতুন প্রকল্প প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত