নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | ১:০১ পিএম
সরকার ২০২৭ সালের হজ মৌসুমের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে। এ বছরের সবচেয়ে বড় স্বস্তির খবর হলো হজ ফ্লাইটের বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। প্রধান উপদেষ্টার উদ্যোগে গত বছরের তুলনায় বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সামগ্রিক হজ ব্যয়ও আগের তুলনায় কমেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জাল হোসাইন ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধা পাবেন। মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা এবং মিনা-আরাফায় সেবা প্যাকেজ-৩ অনুযায়ী খাবার ও অন্যান্য সেবা দেওয়া হবে। এ প্যাকেজে সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে কক্ষ উন্নীতকরণ বা স্বল্পমেয়াদি প্যাকেজের সুবিধাও নেওয়া যাবে।
অন্যদিকে, সাশ্রয়ী হিসেবে ঘোষিত হজ প্যাকেজ-২-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫-এ তাঁবু বরাদ্দ থাকবে এবং মিনা-আরাফায় সেবা প্যাকেজ-৩ অনুযায়ী প্রয়োজনীয় সেবা ও খাবার দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা নিশ্চিত করা হবে।
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
ধর্ম উপদেষ্টা জানান, ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। ২০২৫ সালে তা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত