নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬ | ৬:৪৭ পিএম
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে দেশে ফিরে জাতীয় পতাকা প্রত্যার্পণ করেছেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল, নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক এবং পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ফারজিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত।
সংবাদ সম্মেলনে নুরুননাহার নিম্নি এভারেস্ট অভিযানের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং অভিযানের ছবি ও তথ্যচিত্র প্রদর্শন করেন। তিনি জানান, গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ১৪ এপ্রিল লুকলা থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে ২২ এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান।
উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অংশ হিসেবে তিনি ১ মে লবুজে ইস্ট শৃঙ্গে আরোহণ করেন। এরপর খুম্বু আইসফল অতিক্রম করে ধাপে ধাপে ক্যাম্প-১, ক্যাম্প-২ এবং পরবর্তী উচ্চতর ক্যাম্পগুলোতে পৌঁছান। একাধিকবার প্রতিকূল আবহাওয়ার বাধার মুখে পড়লেও তিনি হাল ছাড়েননি।
চূড়ান্ত অভিযানে ২৫ মে পুনরায় যাত্রা শুরু করে ক্যাম্প-৩ ও ক্যাম্প-৪ অতিক্রম করেন। পরে গাইড দাওয়া শেরপা ও লাকপা শেরপার সহায়তায় বিপজ্জনক হিলারি স্টেপ পেরিয়ে ২৭ মে ভোরে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাংলাদেশের পতাকা উড়ান।
নুরুননাহার নিম্নি এর আগে ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ছয় হাজার ও সাত হাজার মিটার উচ্চতার পর্বত সফলভাবে আরোহণ করেন। তার এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং পৃষ্ঠপোষকতা করে পূবালী ব্যাংক পিএলসি।
এভারেস্ট জয়কে বাংলাদেশের পর্বতারোহণে নারীদের অংশগ্রহণ ও সম্ভাবনার এক অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানের বক্তারা। তারা আশা প্রকাশ করেন, নিম্নির এই সাফল্য দেশের নতুন প্রজন্মকে সাহস, অধ্যবসায় ও স্বপ্নপূরণের পথে অনুপ্রাণিত করবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত