প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ৩:০০ পিএম
বড় বড় পর্যটনকেন্দ্র ঘুরে দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে নতুন প্রজন্ম। এখন অচেনা গলি, পুরোনো চত্বর, স্থানীয় বাজার কিংবা শহরের আড়ালে থাকা ছোট কোনো স্থানও হয়ে উঠছে ভ্রমণের আকর্ষণ। এই প্রবণতাই পরিচিতি পেয়েছে ‘টিনি ট্যুরিজম’ নামে।
টিনি ট্যুরিজমে কম সময়ে বেশি জায়গা দেখার বদলে একটি নির্দিষ্ট অঞ্চলকে ধীরে ও কাছ থেকে জানার চেষ্টা করা হয়। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা, পাড়ার খাবারের দোকানে খাওয়া, স্থানীয় বাজার থেকে কেনাকাটা এবং অনাবিষ্কৃত স্থান ঘুরে দেখাই এর মূল বৈশিষ্ট্য।
এটি মূলত ‘স্লো ট্রাভেল’-এর আধুনিক রূপ। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল স্থান অনুসরণের বদলে স্থানীয়দের পরামর্শ নেওয়া, গণপরিবহণ ব্যবহার এবং ভ্রমণসূচিতে কিছুটা খোলা সময় রাখাকে গুরুত্ব দেওয়া হয়।
টিনি ট্যুরিজমের লক্ষ্য শুধু দর্শনীয় স্থান দেখা নয়; বরং একটি এলাকার ইতিহাস, সংস্কৃতি, খাবার ও মানুষের জীবনযাত্রাকে কাছ থেকে অনুভব করা।
নতুন প্রজন্মের এই প্রবণতা দেখাচ্ছে, ভ্রমণ এখন শুধু জায়গা বদল নয়—স্থানীয় জীবন ও সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করারও একটি উপায়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত