নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৪:৪২ এএম
বাংলাদেশের ই-পাসপোর্টে এবার স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। সরকারের অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩০ ও ৩১ নম্বর পৃষ্ঠায় ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর ছবি সংযোজন করা হবে।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার উভয় ধরনের ই-পাসপোর্টে নতুন নকশা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নকশায় বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন ছবি পুনর্বিন্যাস করা হয়েছে। পাসপোর্টে স্থান পাচ্ছে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ ও লালবাগ কেল্লার ছবি।
এ ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আমবাগান, পানাম নগর, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান ও সুন্দরবনের ছবিও যুক্ত করা হচ্ছে।
নতুন নকশা অনুযায়ী, ৫৪ ও ৫৫ নম্বর পৃষ্ঠায় থাকবে হলি রোজারি চার্চ এবং ৫৬ ও ৫৭ নম্বর পৃষ্ঠায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। ৬৪ পৃষ্ঠার পাসপোর্টের শেষদিকে থাকবে পাসপোর্ট-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পেছনের কভারের ভেতরের অংশে থাকবে জাতীয় সংসদ ভবনের ছবি।
তবে তথ্যপাতায় আগের মতোই ইংরেজিতে লেখা থাকবে—“This Passport is Valid for All Countries of the World Except Israel”। অর্থাৎ, ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বাংলাদেশি পাসপোর্টের বৈধতার ঘোষণা অপরিবর্তিত থাকছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন নকশার মাধ্যমে পাসপোর্টে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদানের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানও রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত