প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১:৩৫ এএম
নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার রাতে কাঠমান্ডুতে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। টানা বৃষ্টি, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
এরই মধ্যে মানাংয়ের কয়েকটি জনপ্রিয় ট্রেকিং রুটে চলাচল স্থগিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এসবের মধ্যে রয়েছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং।
এ ছাড়া ভূমিধসের কারণে পোখারা ও আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ এবং বিভিন্ন ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হতে পারে। মুস্তাং, জমসমসহ পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা থাকলে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও আবহাওয়ার সর্বশেষ তথ্য যাচাই করতে বলা হয়েছে।
ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর, ভূমিধসপ্রবণ এলাকা ও ঝুঁকিপূর্ণ সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত