নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ৩:০৯ এএম
সিলেট থেকে জাফলং পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। জাফলং, তামাবিল ও আশপাশের এলাকাকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য রেললাইন নির্মাণের বিষয়টি যাচাই করা হচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার তথ্য অধিদফতরের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সম্ভাব্য প্রকল্প এলাকা ইতোমধ্যে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পরিদর্শন করেছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি জাফলং, তামাবিল ও আশপাশের এলাকা ঘুরে দেখে। এ সময় পর্যটনশিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়।
পরিদর্শনে রেলপথ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
তবে প্রকল্পের সম্ভাব্য ব্যয়, রেলপথের দৈর্ঘ্য এবং বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত