ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ৪:৫৬ পিএম
অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ তাদের বহরে থাকা ১০টি এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজ ২০২৮ সালের মাঝামাঝি থেকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সময়ের চার বছর আগেই এসব সুপারজাম্বো সরিয়ে নেওয়া হবে।
রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি, যন্ত্রাংশের সংকট এবং আধুনিক জ্বালানিসাশ্রয়ী উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কান্তাস।
দুই তলা ও চার ইঞ্জিনের এ৩৮০ সর্বোচ্চ ৮৫৩ জন যাত্রী পরিবহন করতে পারে। ২০০৭ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে বাণিজ্যিক যাত্রা শুরু করা উড়োজাহাজটি একসময় বিমান চলাচলে নতুন যুগের সূচনা করেছিল।
তবে পরিচালন ব্যয় বেশি এবং বিপুলসংখ্যক আসন নিয়মিত পূরণ করা কঠিন হওয়ায় সময়ের সঙ্গে এ৩৮০-এর বাণিজ্যিক আকর্ষণ কমেছে। দুই ইঞ্জিনের বোয়িং ৭৮৭ ও এয়ারবাস এ৩৫০-এর মতো জ্বালানিসাশ্রয়ী উড়োজাহাজ এ ক্ষেত্রে এগিয়ে গেছে।
এয়ারবাস ২০২১ সালে এ৩৮০-এর উৎপাদন বন্ধ করে। মোট ২৫১টি উড়োজাহাজ সরবরাহের পর এখনো প্রায় ১৯৬টি বিভিন্ন এয়ারলাইন্সের বহরে রয়েছে।
করোনাভাইরাস মহামারির সময়ও এ৩৮০-এর ব্যবহার বড় ধাক্কা খায়। কান্তাসের উড়োজাহাজগুলোও ৫০০ দিনের বেশি সময় মাটিতে ছিল।
তবে এ৩৮০-এর যুগ পুরোপুরি শেষ হয়নি। বিশ্বের সবচেয়ে বড় এ৩৮০ অপারেটর এমিরেটসের বহরে রয়েছে ১১৬টি উড়োজাহাজ। এ ছাড়া সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা, কাতার এয়ারওয়েজ ও ইতিহাদসহ কয়েকটি এয়ারলাইন্স এখনো এ৩৮০ পরিচালনা করছে। এমিরেটস ২০৪০-এর দশক পর্যন্ত এ উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা করছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত