ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৪১ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটের সন্দেহভাজন যাত্রীদের ওপর নজরদারি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটের যাত্রী আবদুল করিমের ব্যাগেজ তল্লাশি করে ২২৩ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার ফ্লাইটের যাত্রী শিপনের কাছ থেকে ৪৪টি ভেপ উদ্ধার করা হয়।
এ ছাড়া চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রী কে এম তোফায়েল আহমেদ ও শামীমা আক্তারের ব্যাগেজ থেকে যথাক্রমে ৯৮টি ও ৪৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, তিনটি আন্তর্জাতিক রুটে এসব পণ্য বহনের ঘটনায় কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের অর্থের বিনিময়ে বাহক হিসেবে ব্যবহার করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত