নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:২৭ পিএম
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রস্তাবের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় স্থাপনের নথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠিয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নথি পাওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে দেওয়া এক আধা-সরকারি চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ করেন। চিঠিতে তিনি বলেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ জনবল তৈরির প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে দেশে এখনও ঘাটতি রয়েছে।
বিশ্ববিদ্যালয়টি দ্রুত চালুর জন্য কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ও গবেষণা সুবিধা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে নতুন অবকাঠামো পুরোপুরি প্রস্তুত হওয়ার অপেক্ষা ছাড়াই প্রাথমিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
প্রস্তাব অনুযায়ী, শুরুতে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালু করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যমান জাতীয় সামুদ্রিক গবেষণা অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের ব্লু ইকোনমি খাতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত