নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৪:১৬ এএম
হোটেল ও আতিথেয়তা খাতে বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক আঞ্চলিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।
রোববার রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইচএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে সরকার উন্নত অবকাঠামো, বিনিয়োগবান্ধব নীতি ও সেবার মান উন্নয়নের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, আতিথেয়তা শিল্প দেশের পর্যটন অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
তিনি দক্ষ মানবসম্পদ তৈরি, আন্তর্জাতিক মানের হোটেল সেবা নিশ্চিত এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগ দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিআইএইচএর নবনির্বাচিত সভাপতি নাসের রহমান বলেন, আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানের আতিথেয়তা খাত গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে সংগঠনটি।
বিআইএইচএ জানায়, নতুন কার্যনির্বাহী কমিটি টেকসই পর্যটনের প্রসার, বিনিয়োগ উৎসাহিত করা, দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে বৈশ্বিক পর্যটন ও আতিথেয়তা খাতের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় কাজ করবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত