নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ | ৭:০৫ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমান পরিবহন এখন শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যম নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের অন্যতম প্রধান চালিকাশক্তি।
রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নের সঙ্গে বিমান খাতের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তাই দেশের বেসামরিক বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা জাতীয় এভিয়েশন মাস্টার প্ল্যানে প্রতিফলিত হওয়া প্রয়োজন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, আকাশপথ ব্যবস্থাপনার আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডসম্মত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগে দেশের বিমান পরিবহন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি জানান, দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিক ও পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেবিচকের চেয়ারম্যান, বিমান পরিবহন খাতের বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং আন্তর্জাতিক অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত