ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৯ জুন ২০২৬ | ৩:৫৭ এএম
দীর্ঘ বিরতির পর আজ সোমবার (২৯ জুন) থেকে আবারও তেহরান ও দুবাইয়ের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে যুদ্ধবিরতির পর পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান রামিন কাশেফাজার বলেছেন, তেহরান-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। এর টিকিট ইতোমধ্যে সেপেহরান এয়ারলাইনসের ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে।
সাম্প্রতিক সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানের পাশাপাশি দুবাই বিমানবন্দরও একাধিক ড্রোন হামলার মুখে পড়ে। নিরাপত্তাজনিত কারণে তখন বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। যুদ্ধের শুরুর দিকে প্রকাশিত একটি ভিডিওতে যাত্রীদের অপেক্ষাকক্ষের কাছাকাছি একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার দৃশ্যও দেখা যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে তেহরানের দাবি, এসব হামলা কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছিল; সাধারণ মানুষের কোনো স্থাপনায় হামলা করা হয়নি।
সংঘাত শুরুর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল। কিন্তু যুদ্ধের কারণে সেখানে যাত্রীসংখ্যা প্রায় ৬৬ শতাংশ কমে যায়।
গত ১৫ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির একটি প্রাথমিক সমঝোতা হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। যদিও এর মধ্যে বিচ্ছিন্নভাবে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৬০ দিন দুই দেশ আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত